অপূর্ণ স্বপ্নের চারা
অপূর্ণ স্বপ্নের চারা
গল্পটি আমাদের সমাজের মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবনের এক নির্মম প্রতিচ্ছবি।
এক বৃদ্ধ ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তবুও তার মনে ছোট ছোট কিছু স্বপ্ন উঁকি দিত। একদিন একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে সে দেখল—সারি সারি সাজানো টকটকে লাল আপেল। সেই মায়াবী রঙ দেখে সে নিজের সংবরণ হারিয়ে ফেলল। দোকানের সামনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে সে ভাবল, আহা! যদি একটি আপেল স্বাদ নেওয়া যেত!
দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করতেই সে স্তব্ধ হয়ে গেল। আপেল কেনা তার সারাজীবনের উপার্জনেরও বাইরে। তবুও এক বুক আশা নিয়ে সে দোকানদারের কাছে একটি আপেল ভিক্ষা চাইল। কিন্তু দোকানদার তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল। অপমানে আর কষ্টে বৃদ্ধের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। অপমানের সেই আগুনকে সে শক্তিতে রূপান্তর করল।
ভিক্ষার জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে একটি আপেলের চারা কিনল। নিজের ভাঙাচোরা কুঁড়েঘরের পাশে জঙ্গলের এক কোণে পরম মমতায় সেটি রোপণ করল। প্রতিদিন সে গাছটির যত্ন নিত, যেন নিজের সন্তানকে বড় করছে। বছরের পর বছর কেটে গেল; গাছটি ডালপালা মেলে বড় হতে লাগল, আর ওদিকে ভিক্ষুকও বয়সের ভারে নুয়ে পড়তে লাগল।
দীর্ঘ প্রতীক্ষার পর একদিন গাছটি লাল আপেলে ভরে উঠল। কিন্তু নিয়তির পরিহাস! তখন বৃদ্ধ ভিক্ষুক শয্যাশায়ী। তার শরীর এতটাই দুর্বল যে, বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও নেই। ঝাপসা চোখে সে জানালা দিয়ে দেখল—তার সেই স্বপ্নের আপেলগুলো ডালে ডালে ঝুলছে, কিন্তু আজ তা তার নাগালের বাইরে। তার দীর্ঘ পরিশ্রমের ফল আজ চোখের সামনে, অথচ তা আস্বাদন করার সামর্থ্য তার আর নেই।
পরদিন বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। প্রতিবেশীরা এসে সেই গাছ থেকে টকটকে লাল আপেলগুলো পেড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল।
গল্পের মূল শিক্ষা:
এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে, মধ্যবিত্তরা সারাজীবন হাড়ভাঙা খাটুনি দিয়ে স্বপ্নের জাল বুনে যায়। সন্তানকে মানুষ করা বা একটি মাথা গোঁজার ঠাঁই করার জন্য তারা নিজেদের বর্তমানকে বিসর্জন দেয়। কিন্তু যখন সেই স্বপ্ন ডালপালা মেলে পূর্ণতা পায়, তখন হয়তো ভোগ করার মতো সময় বা সামর্থ্য—কোনোটিই আর অবশিষ্ট থাকে না।
তাই আমাদের শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন যেন সুস্থ অবস্থায় উপভোগ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে কল্যাণ ও বারাকাহ প্রার্থনা করা উচিত।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
“হে আল্লাহ! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।” (সূরা বাকারা ২০১)
اللهم صل وسلم على نبينا محمد
“হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মাদের ওপর শান্তি ও দরুদ বর্ষণ করুন।”


কোন মন্তব্য নেই