পৃথিবীতে কোনো মানুষ চাপমুক্ত বা সমস্যামুক্ত নয় ।
পৃথিবীতে কোনো মানুষ চাপমুক্ত বা সমস্যামুক্ত নয়।
প্রিয় ভাই এবং বোনেরা, ভালো করে বুঝুন, এই পৃথিবীতে কোনো মানব চাপমুক্ত বা সমস্যামুক্ত জীবন যাপন করে না। অনেক সময় ইনস্টাগ্রাম বা ফেইসবুকে মানুষের ছবি দেখে আপনার মনে হয়- আহা! কি চমৎকার এক জীবন যাপন করছে তারা!
এর পুরোটা ফেইক। নকল। ফেইসবুক ফেইক। ইনস্টাগ্রাম ফেইক। কেউ না, একেবারে একজনও চাপমুক্ত জীবন যাপন করে না। প্রতিটি আদম সন্তান কোনো ধরণের ব্যক্তিক্রম ছাড়াই নিজের ভেতরের এবং বাহিরের শয়তানের সাথে লড়াই করে যাচ্ছে। প্রতিটি মানবের কোনো না কোনো ঝামেলা আছে।
সুবহানাল্লাহ! একই জিনিস কারো থাকার কারণে সে চাপে পড়ে আর কারো না থাকার কারণে সে চাপ অনুভব করে। জীবনের পথটা এমনি।
আমরা কোনোদিন এই দুনিয়াতে পরিপূর্ণরূপে সুখী হবো না।
কারো জন্য তার সম্পদ তার চাপের উৎস। স্টক মার্কেটের উত্থান পতন, তাদের বিনিয়োগের কি হবে...চিন্তায় চোখে ঘুম নেই। তাদের সম্পদের কোনো শেষ নেই। কিন্তু এটা সাথে করে নিয়ে এসেছে প্রচুর চাপ। আর অন্যদের জন্য সম্পদ না থাকাটা চাপের উৎস। আবার কারো জন্য নিজের সন্তান-সন্ততি অন্যতম উদ্বেগ উৎকণ্ঠার কারণ। আবার কারো জন্য সন্তান না থাকাটা তার সকল দুঃখ দুর্দশার কারণ। কারো জন্য দাম্পত্য জীবন সমস্যা সঙ্কট নিয়ে আসে। আর কারো বিয়ে না হওয়াতে। এটাই জীবনের বাস্তবতা।
ইবনুল কাইয়্যেম বলেছেন- এই দুনিয়ার প্রতিটি বস্তু যা আপনাকে সুখী করে, আরাম দান করে; ঠিক একই সময়ে তা সমপরিমাণ ব্যথা বেদনাও নিয়ে আসে।
ব্যাপারটা নিয়ে একটু ভাবুন।
শুধু একটি জিনিস এমন আছে যাতে ভালো ছাড়া আর কিছু নেই। আর তা হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আল্লাহর প্রতি আপনার ঈমান, আপনার ইবাদাত, আল্লাহর সাথে আপনার গভীর আবেগময় সম্পর্ক, আপনার আধ্যাত্মিকতা--শুধু এই জিনিসটা শতভাগ ইতিবাচক। এখানে কোনো নেতিবাচক কিছু নেই।
দুনিয়ার এই চাপপূর্ণ জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই কেবল আমরা পরকালের চাপমুক্ত জীবন লাভ করবো।
দুনিয়ার এই সমস্ত বিপদ আপদ, দুঃখ-দুর্দশা, দুশ্চিন্তা-চাপ এগুলো থাকার অন্যতম একটি উদ্দেশ্য হলো- আল্লাহ দেখতে চান আমাদের কার মাঝে ধৈর্য আছে, তাওয়াক্কুল আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর কার মাঝে নেই। কে কত বেশি সম্পদশালী জান্নাত পাবে তা নির্ধারিত হবে আমাদের দুনিয়ার পরীক্ষার সমানুপাতে। আপনার আমল অনুপাতে নির্ধারিত হবে কত উচ্চতম জান্নাত আপনি লাভ করবেন।
- ড. ইয়াসির কাদি

কোন মন্তব্য নেই