আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন!!
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন!!
আল্লাহ তায়ালা বলেন- "ইন্নাল্লাহা মাআস সবিরিন- নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"যদি আল্লাহ আপনার সাথে থাকেন আপনি কি পরাজিত হতে পারেন? যদি আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি, তার মানে আপনি বিজয়ী হবেন। যদি আল্লাহ আপনার সাথে থাকেন আপনার বিজয় লাভ করা ছাড়া কোনো উপায় নেই। আপনার কখনো পরাজয় হবে না। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে আছেন।
ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক! ধৈর্য আসলেই আশ্চর্যজনক এক ব্যাপার! ধৈর্য ধরলে আল্লাহ আপনার সাথে থাকেন। আপনার কি আর কিছুর দরকার আছে? আমি সত্যি সত্যি মনে করি, ধৈর্য্যের পুরস্কার হিসেবে এই আয়াতটি ছাড়া আর কোনো পুরস্কার না থাকলেও এটাই যথেষ্ট হতো। আপনি ধৈর্য ধরেন আর আল্লাহ আপনার সাথে থাকেন। এরপর তো আর কোনো কিছুর কোনো মূল্য নেই এমনিতেই। যদি সৃষ্টিকর্তা আপনার হয়ে যান, যদি আপনার রব আপনার হয়ে যান আপনার কি আর কিছুর দরকার আছে? পুরস্কার হিসেবে এটাই যথেষ্ট। সত্যিই। একজন ঈমানদারের আর কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আপনি ধৈর্য ধরার পর আল্লাহ আপনার হয়ে যান। এরপর তো আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই।
ঈমানদাররা এসে অভিযোগ করে বলে আমি হতাশ হয়ে পড়েছি। আমি তখন বলি- একজন ঈমানদার কিভাবে হতাশ হতে পারে! ঈমানদারের সাথে আল্লাহ আছেন কিভাবে সে হতাশ হতে পারে! তার রব সর্বময় ক্ষমতার অধিকারী। কেউ তাঁকে পরাজিত করতে পারে না। কেউ তাঁর বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে না। আপনার কিভাবে সমস্যা থাকতে পারে!
আপনার সমস্যা তখন দেখা দেয় যখন আপনি আল্লাহর পরিবর্তে আস্থা রাখেন আপনার অর্থে, আয় উপার্জনে, চাকরি বাকরিতে, পরিবারে, সমাজে, অন্য মানুষে। যদি আল্লাহর উপর আপনার আস্থা থাকতো আপনার কখনো সমস্যা থাকতো না। আল্লাহর কোনো পরিবর্তন নেই।
আপনি হয়তো দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য শাসন করছে অমুক ব্যক্তি, ইন্ডিয়ায় অমুক দল ক্ষমতায়...কিন্তু জেনে রাখুন, ঈমানদাররা সেখানে আল্লাহকে দেখতে পায়।
আল্লাহ কখনো তাঁর ক্ষমতা পরিত্যাগ করেন না। সমগ্র বিশ্বের সকল প্রান্তের সকল ক্ষমতা সরাসরি তাঁর কর্তৃত্বের অধীনে। তিনিই আসল শাসক। اِنَّ الۡاَرۡضَ لِلّٰهِ ۟ۙ یُوۡرِثُهَا مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِهٖ - "নিশ্চয় যমীন আল্লাহর। তাঁর বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন।" (৭:১২৮)
কেউ কিছু পেলে তিনিই তা দান করেন। কেউ তাঁর কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে না। তিনি এই পৃথিবীর সরাসরি নিয়ন্ত্রণে আছেন। সকল অঞ্চল। এমনকি যে মানুষেরা এই দুনিয়া শাসন করে তিনি তাদের উপর শাসন করেন। এমনকি তাদের বুদ্ধি, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের জীবন, তাদের মৃত্যু, তাদের সুখ, তাদের প্রত্যেকটি বিষয় তিনি নিয়ন্ত্রণ করছেন। এমনকি আপনি নিজেও তাঁর অধীন। কুরআন আপনাকে শেখাচ্ছে আপনি সরাসরি আপনার রবের শাসন কর্তৃত্বের অধীনে আছেন।

কোন মন্তব্য নেই